সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে আন্দোলন অব্যাহত রয়েছে। সংসদ সদস্য পদ থেকে তার পদত্যাগের দাবিতে টানা পঞ্চম দিনের মতো শ্যামনগরে আজ রোববার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে বাবলাতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ শেষে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন সেখানে উপস্থিত বিক্ষুব্ধ জনতা।
স্থানীয় ঠিকাদার মো. শামসুদ্দোহা টুটুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হাফেজ মাও. মফিজুর রহমান, মো. রবিউল ইসলাম, আব্দুস সালাম, মফিজুল ইসলাম, মো. রাসেল হোসেন প্রমুখ।
গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। তবে পরদিন গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানান, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। বিষয়টি নিয়ে নানা বিতর্ক ও নির্বাচনী এলাকায় ক্ষোভ-বিক্ষোভ চলার মধ্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জরুরি সভায় বসে গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। পরে তার এমপি পদ বাতিল চেয়ে সংসদ ও নির্বাচন কমিশনে চিঠি পাঠায় জামায়াত ইসলামী।